লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে শ্রমিক লীগের নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি-শাড়িসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) দুপুরে জেলা শ্রমিক লীগের আহবায়ক ও আওয়ামী লীগের প্রস্তাবিত লক্ষ্মীপুর পৌর মেয়র প্রার্থী মামুনুর রশিদের উদ্যোগে এসব দেওয়া হয়। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন মিয়া।
জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী, জহির উদ্দিন বাবর, আবদুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি প্রমুখ।
জানা গেছে, করোনাকালীন জেলা শ্রমিক লীগ বিভিন্ন শাখার নেতাকর্মীকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগীতা করেছেন। এবার ঈদে আনন্দ ভাগাভাগি করে নিতে শ্রমিক লীগ নেতা মামুন নিজ উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভা, সদর থানা ও চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন শাখার নেতাকর্মীদেরকে পাঞ্জাবি উপহার দিয়েছেন। নারী নেত্রীদেরকে শাড়ি উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের জন্যও ঈদ উপহার পাঠানো হয়েছে।
বক্তারা বলেন, শ্রমিক লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। করোকালীন তারা অসহায় শ্রমিকদের পাশে ছিলেন। ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শাখার নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি বিতরণের উদ্যোগ প্রশংসনীয়।