লক্ষ্মীপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর, নারীসহ আহত ৪
নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে প্রতিপক্ষ বৃদ্ধ মফিজ মিয়ার বসতঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। এসময় বাধা দেওয়ায় নারীসহ ওই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করা হয়। সোমবার (১৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর পৌরসভার আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
আহতরা হলেন মিনোয়ারা বেগম, সোহাগ, মফিজ মিয়া ও জাকেরা বেগম। এরমধ্যে মিনোয়ারা বেগম ও সোহাগকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মফিজ মিয়ার স্ত্রী জাকেরা বেগম বলেন, জমি নিয়ে আমাদের সঙ্গে প্রতিবেশি হারুনের বিরোধ রয়েছে। ঘটনার সময় তার ছেলে রোমান দেশীয় অস্ত্র দিয়ে বসতবাড়ি কুপিয়ে ক্ষতিগ্রস্থ করেছে।এসময় আমাদেরকে পিটিয়ে আহত করা হয়।
বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে হামলাকারী রোমানকে পাওয়া যায়নি। তবে তার মা রোকেয়া বেগমের দাবি, রোমান মানসিক রোগী। সে প্রায় আমাদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।