লক্ষ্মীপুরে দাদাকে হত্যার দায়ে নাতিকে গ্রেপ্তার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ৭:২৭ অপরাহ্ণ

লক্ষীপুর: জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দাদা শামসুদ্দিনকে হত্যার দায়ে তার নাতি আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মূসার নেতৃত্বে সদর উপজেলা মান্দারী বাজার এলাকা থেকে আব্বাসকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, ২০১৭ সালের ৬মে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিসি বৈঠকে সামছুদ্দিন ও আব্বাসদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়ে সামছুদ্দিন মারা যায়। পরে নিহতের স্ত্রী আইয়াতি বেগম বাদী হয়ে ছেলে বেলাল হোসেন ও নাতি আব্বাসের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় বেলাল দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছে। ঘটনার পর থেকেই আব্বাস পলাতক ছিল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হত্যা মামলার পলাতক আসামি আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন