লক্ষ্মীপুরে এ্যানির প্রচারণায় সাবু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০১৮ ৫:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রচারণায় নামছে জেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় ভোটার কাছে দলীয় প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করতে দেখা গেছে। এসময় ধানের শীষে ভোট চেয়েছেন তারা। এ আসন থেকে নির্বাচন করছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

 

শহরের উত্তর তেমুহনী, ঢাকা-রায়পুর সড়ক, বাগবাড়ী ও বাঞ্চানগরের বিভিন্নস্থানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা করেন। গণসংযোগে দলের বেশ নেতা-কর্মীসহ সাধারন মানুষের উপস্থিতি ছিল।

 

গণসংযোগে সাহাবুদ্দিন সাবু বলেন, সারাদেশে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে সাধারন মানুষের গণ জোয়ার দেখে সরকার আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করছে। আমরা সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে নেমেছি। যতই হামলা মামলা করা হউক না কেন আমরা নির্বাচনে মাঠ থেকে সরে দাঁড়াবোনা। জনগণ আমাদের সাথে আছে, তারা আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করবে।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ বেপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সিনিয়র সহ-সভাপতি খালেদ মো. আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌওরাব হোসেন বুলু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজোয়ার হোসেন আকবরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন