লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের নামে চাল আত্মসাতের স্ট্যাটাস, থানায় জিডি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ৮:১৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে টিটু চৌধুরী নামে এক চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

 

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ জিডি করেন সদর উপজেলার ১৬ নম্বর শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা পশ্চিম যুবলীগের আহ্বায়ক টিটু চৌধুরী।

 

জিডি সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ অনুসন্ধান.কম নামে একটি আইডি থেকে স্ট্যাটাস দেয়া হয়। সেখানে করোনাভাইরাস সংক্রমনে সরকারি চাল বিতরণে কয়েকজন জনপ্রতিনিধির অনিয়ম তুলে ধরে।

 

ওই স্ট্যাটাসে চেয়ারম্যানের ছবি এডিট করে ত্রানের চাল আত্মাসাৎ করার অপবাদ দেয়া হয়। এতে চেয়ারম্যানের মানহানি হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

 

এবিষয়ে শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিটু চৌধুরী বলেন, নিউজ অনুসন্ধান.কম নামের ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটাস দেয়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি লক্ষ্মীপুর মডেল থানায় সাধারণ ডায়রী নথিভুক্ত করেছি। এছাড়াও প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান এ জনপ্রতিনিধি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন