লক্ষ্মীপুরে অপহৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে অপহরণের ৪ ঘন্টা পর আহত অবস্থায় দিদার হোসেন বাবলু নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) রাত ২টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের একটি ইটভাটা থেকে তাকে উদ্ধার করা হয়। বাবলু লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক।
এদিকে চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার আহমেদ অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার পক্ষে কাজ করি আমরা। ইউনিয়ন যুবলীগের আহবায়ক রেজাউল করিম রিয়াজ ও তার লোকজন বিদ্রোহী প্রার্থীর (দোয়াত কলম) পক্ষে ভোট করে।
নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার পর থেকে রিয়াজের বাহিনীর লোকজন আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে আসছে। একই কারণে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে তার বাহিনী নিয়ে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলুকে অপহরণ করে নিয়ে যায়। তাদের হুমকি ধমকিতে আমি নিজেই আতঙ্কে রয়েছি।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাটে একটি ফার্মেসিতে বসে ছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিম রিয়াজ ও জুয়েলসহ ৬ জন অস্ত্রধারী লোক বাবলুকে ফার্মেসি থেকে তুলে বাইরে নিয়ে আসে। এসময় বাধা দিতে গেলে অপহৃতের বড় ভাই শহীদ আলম লিটনও আহত হন। এ ঘটনায় আশপাশের মানুষ তাদেরকে ঘিরে পেলে। একপর্যায়ে তারা কয়েক রাউন্ড ফাকাগুলি করে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে মানুষ সরে গেলে তারা বাবলুকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলুকে অপহরণের খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। অভিযান চালিয়ে নোয়াখালি সদরের চরমটুয়া ইউনিয়নের ইব্রাহিমের ইটভাটা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার ডান পায়ে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযোগ অস্বীকার করে চরশাহী ইউনিয়ন যুবলীগের আহবায়ক রেজাউল করিম রিয়াজ বলেন, বাবলু বসুরহাটে মঙ্গলবার ছাত্রলীগ নেতা জুয়েল রানাকে মারধর করেছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে তাকে জুয়েলসহ তুলে নিয়ে গেছে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নয় ।
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান, বাবলুকে অপহরণের খবর পেয়ে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অপহরণের খবর পেয়ে অভিযান চালিয়ে বাবলুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বাবলু তিনজনের নাম বলেছে। তাদেরকে আটক করার চেষ্টা চলছে।