রায়পুর আসনে সোমবার মনোনয়নপত্র নেবেন এডভোকেট নয়ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন আলোচনার শীর্ষে রয়েছেন।
কুয়েতে সাজাপ্রাপ্ত কাজী শহীদ ইসলাম পাপুলের এ আসনে এমপি পদে এডভোকেট নয়ন সোমবার (৮ মার্চ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (৫ মার্চ) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওই কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
এডভোকেট নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
ওইদিন এ আসনের ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় দায়িত্বশীল নেতাদের উপস্থিতে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছেন এডভোকেট নয়ন।
জানতে চাইলে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমি স্থানীয়ভাবে নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত করেছি। সরকারের উন্নয়নের চিত্র প্রতিনিয়ত জনগণের কাছে তুলে ধরছি।
তৃণমূল নেতারা আমাকে এ আসনের এমপি হিসেবে দেখতে চায় । এজন্য আমি আসনটির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবো। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর আমার শতভাগ আস্থা রয়েছে।
প্রসঙ্গত : এ আসনের উপ-নির্বাচন ১১ এপ্রিল। মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।