রায়পুরে স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক বিদ্যুতের প্রধান সুইস বন্ধ করে দেওয়ায় আগুন ছড়ায়নি। অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনাও ঘটেনি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারের কক্ষের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে আগুন ছড়িয়ে না পড়লেও ভয়ে হাসপাতালের রোগীরা ছুটোছুটি করেন।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়েছি। এরআগেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে কারো কোন ক্ষতি হয়নি।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, আগুন লাগার পরপরই বিদ্যুতের প্রধান সুইস বন্ধ করে দেওয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরণের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।
প্রসঙ্গত, ২০২১ সালের ৬ আগষ্ট রাতে একটি অক্সিজেন সিলিন্ডারের মুখ খোলার সময় বিস্ফোরণের ঘটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ছুটোছুটি করতে গিয়ে কয়েকজন রোগী পড়ে গিয়ে আহত হলেও তখন বড় ধরণের কোন ক্ষতি হয়নি।