রায়পুরে দুর্ঘটনায় নিহত রাজুর পরিবারের পাশে যুবলীগ নেতা জনি
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় নিহত আরেফিন রাজুর পরিবারকে ঈদ উপহারসহ এক মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বুধবার (১২ মে) বিকেলে আরেফিনের বাড়িতে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি উপহারগুলো পৌঁছে দেন। এসময় ছেলের শূন্যতা প্রতিনিয়ত হৃদয়ে আঘাত করছে বলে জানান শোকাহত বাবা আনোয়ার উল্যা।
এদিকে শোক কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যুবলীগ নেতা জনি ব্যক্তিগতভাবে আরেফিনের বাবা ও মায়ের জন্য নতুন পোশাক উপহার দিয়েছেন। একই সঙ্গে চাল-ডাল-তেল-সেমাই-চিনিসহ এক মাসের খাদ্যসামগ্রীও উপহার দেওয়া হয়েছে।
![]()
জানা গেছে, আরেফিন উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ইলেকট্রিক পেশায় নিয়োজিত ছিলেন। গত ৩ মে সন্ধ্যা ইফতার শেষে আরেফিন মোটরসাইকেলযোগে উপজেলা শহরের দিকে যাচ্ছিলো। যাওয়ার সময় তার বাবা-মাকে বলে যান, বাড়ি ফিরে তিনি এলাকার মসজিদে তারাবির নামাজ পড়বেন। কিন্তু পথিমধ্যে স্থানীয় কাজির মাদ্রাসা এলাকায় অন্য একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে অসাবধানতাবসত তিনি নিজের মোটরসাইকেল ব্রেক করেন। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি বলেন, আরেফিন আমার খুবই কাছের ছোট ভাই ছিলো। তার মৃত্যু আমার জন্য খুবই বেদনাদায়ক। ছেলেকে হারিয়ে তার বাবা-মা যেন নিস্তব্দ হয়ে পড়েছেন। ছেলে শোকে তাদের ঈদ আনন্দ থমকে গেছে। আমার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।