রামগতিতে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে শিবিরকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২০ ৬:০১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. হিমরুল কায়েস রানা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার চরমেহার গ্রাম থেকে পুলিশ রানাকে গ্রেপ্তার করে। সে একই এলাকার দিলদার হোসেনের ছেলে ও শিবিরের সক্রিয় কর্মী বলে জানা গেছে। বিকেলে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ১৭ মার্চ রানা তার ফেসবুকের আইডিতে বঙ্গবন্ধুকে অবমাননা করে একটি পোস্ট দেয়। এ ঘটনা রামগতি উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহ মো. রাকিবের দৃষ্টিগোচর হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি বাদি হয়ে রানার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, থানায় মামলা রুজু হওয়ার পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন