রামগতিতে আ স ম রবের নির্বাচনী অফিস ভাঙচুর
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রবের নির্বাচনী অফিসে ভাঙচুর করে তালা দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বড়খেরী ও চরগাজী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানের শীষ প্রতিকের ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে তালা দেয়।
তারা জেএসডি ও বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়তে হুমকি দিচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে মহড়া দিচ্ছে তারা। বিষয়টি তিনি থানা পুলিশকে জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, হামলা-ভাঙচুর নয়। অফিসে তালা দিয়েছে বলে শুনেছি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এ আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন মহাজোটের শরিক যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।