রামগঞ্জে বিএনপি নেতা এখন শ্রমিক লীগের সভাপতি !

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ মার্চ, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি নেতা বিল্লাল হোসেন মিঝিকে ইছাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনোনীত করা হয়েছে। সম্প্রতি উপজেলা শ্রমিক লীগের একাংশের সভাপতি দাবি করা নজরুল ইসলাম লেদু মাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন হাজারী এ কমিটির অনুমোদন দিয়েছেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা হচ্ছে।

তবে জেলা শ্রমিক লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, নজরুলদের কমিটি ভুয়া। তারা হঠাৎ কথিত কমিটির নেতা বনে গিয়ে ভুয়া পরিচয় দিচ্ছেন। রামগঞ্জে শ্রমিক লীগের বৈধ আহবায়ক কমিটি রয়েছে।

জানা গেছে, বিল্লাল উপজেলার ইছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও উপজেলা কমিটির সদস্য ছিলেন। তিনি বিএনপির মিছিল-সমাবেশে নিয়মিত অংশ নেন।

দলীয় সূত্র জানায়, গত বছরের ৪ নভেম্বর লিটন ভূঁইয়া গাজীকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটি দেওয়া হয়। জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ ও যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারী এ কমিটির অনুমোদন দেয়। কিন্তু কয়েকদিন পরই পূর্বের তারিখ দিয়ে লক্ষ্মীপুর-৪ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার খানের অনুসারী হিসেবে পরিচিত নজরুল ইসলাম লেদু মালকে সভাপতি ও আনোয়ার হোসন লিটন হাজারীকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি প্রকাশ হয়। তবে কেন্দ্র এবং জেলা শ্রমিক লীগের দায়িত্বশীল কোন নেতা এ কমিটির অনুমতি দেয়নি।

জেলা শ্রমিক লীগের পূর্বের কমিটির নেতারা আগের তারিখ দিয়ে সভাপতি-সম্পাদক করে কমিটি দিয়েছেন বলে প্রচারণা চালানো হচ্ছে। তবে ৪ নভেম্বরের আগে তাদের এ কমিটির আত্মপ্রকাশ ঘটেনি।

জানতে চাইলে রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের একাংশের সভাপতি দাবি করা নজরুল ইসলাম লেদু মাল বলেন, বিল্লাল বিএনপি নেতা ছিল। এমপি আনোয়ার খানের এক সভায় তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

পরে তাকে ইছাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি করা হয়েছে। এনিয়ে বিতর্ক সৃষ্টি হলে ওই কমিটি স্থগিত করা হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ জানান, নজরুল ও আনোয়ারকে দিয়ে কোন কমিটি দেওয়া হয়নি। তারা ভুয়া। ওই কমিটিতে কে বা কারা স্বাক্ষর করেছেন তাও জানেন না জেলার নেতারা। এখন আবার তারা বিএনপি নেতাদেরকে দিয়ে কমিটি গঠন করছে।

এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সংগঠনকে গতিশীল করার জন্য সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন