ভারতে বজ্রসহ ঝড়ে নিহত অন্তত ১১
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের জেলাগুলোতে আচমকা প্রচণ্ড বজ্রসহ ঝড়ে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অনেকেই গাছ ভেঙে পড়ায় এবং ভবন ধসে পড়লে তাতে চাপা পড়ে মারা যান।
এ ছাড়া বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের চারজন কলকাতায়, পাঁচজন হাওড়ায় এবং একজন হুগলি ও একজন বাঁকুড়া জেলায় মারা যান বলে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। শত শত গাছ ভেঙে পড়ার পর রাস্তায় সড়ক চলাচল মারাত্মক বিঘ্ন হয়। যদিও বজ্রসহ বৃষ্টির ব্যাপারে আগেই পূর্বাভাস ছিল তবে এত বেশি বাতাসের গতি থাকবে তেমন কোনো ধারণাই ছিল না।
কর্মকর্তারা বলছেন, বজ্রসহ ঝড়ের সঙ্গে এত বেশি বাতাসের গতি গত কয়েক দশকেও দেখা যায়নি।