বঙ্গবন্ধুর জন্মদিনে আতশবাজি ও ফানুসের উৎসব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১৭ মার্চ, জন্মদিনের প্রথম প্রহরে, রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য আতশবাজি ও ফানুস উৎসবের। রাজধানীর কলাবাগান মাঠ ও হাতিরঝিলে ছিলো এই আয়োজন। আঁধার দূর করে দেয়া বর্ণিল আলোয় স্মরণ করা হয় বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুকে।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনের প্রথম প্রহরে ভরে ওঠে আলোয় আলোয়। মুজিববর্ষ উদযাপনের ধারাবাহিকতায় রাজধানীর কলাবাগান মাঠ ও হাতিরঝিলে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছিলো প্রাণবন্ত আয়োজন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলাবাগান মাঠে মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। এরপর বঙ্গবন্ধুর জন্মদিনের সূচনা লগ্নে আতশবাজি আর ফানুস উড়িয়ে চলে উৎসব উদযাপন। ছিলো কেক কাটার আয়োজনও।
এদিকে, মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে হাতিরঝিলের উন্মুক্ত মঞ্চে মঙ্গলবার আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘মুক্তির মহানায়ক’ শিরোনামে এই অনুষ্ঠানে ১০০ জন শিল্পীর অংশগ্রহণে দেশাত্মবোধক গান নতুন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর কারণেই দেশ পেয়েছে স্বাধীনতা। পথচলার দিশা। পরে, জাতির পিতার জন্মদিনের প্রথম প্রহরে উড়ানো হয় ১০১টি ফানুস। রাতের আঁধার দূর হয় আতশবাজির আলোয়। জমকালো এসব আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।