ফরিদপুরে পুলিশ সেজে ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা ও আশেপাশের এলাকায় পুলিশ সেজে ছিনতাইয়ের কয়েকটি ঘটনার নায়কসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সামনে ও পেছনে পুলিশ লেখা একটি মোটরসাইকেল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও জ্যাকেট উদ্ধার ছাড়াও ছিনতাইকরা স্বর্ণালংকার ও ১৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ২ মার্চ ভাঙ্গা-পুকুরিয়া সড়কের মধ্যবর্তী স্থানে অটোবাইকের গতিরোধ করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে অকথ্য গালাগাল করে অটোচালককে তাড়িয়ে দেয়ার পর নারী যাত্রীকে জবরদস্তি মোটরবাইকে তুলে ফাঁকা জায়গায় নিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্তে নেমে এমন আরো কয়েকটি ঘটনার সন্ধান পান।

গত ১২ মার্চ পুলিশ ঘটনার হোতা শাকিল আহমেদ রুবেলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক ১৩ মার্চ মাদারীপুরের রাজৈর থেকে চক্রে আরেক সদস্য সঞ্জয় হালদারসহ দুইজনকে আটক করে। তারা চলতি মাসে বিভিন্ন স্থানে অর্ধডজনের অধিক ঘটনা ঘটিয়েছে বলেও জানায় পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ও সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন