নৌকা ভ্রমণে গিয়ে ডাকাতিয়া নদীতে প্রাণ হারালেন যুবদল নেতা
চাঁদপুরে নৌকা ভ্রমণে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবদলের এক নেতা। গতকাল বুধবার রাতে জেলা শহরের ডাকাতিয়া নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. মজিবুর রহমান সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, টিটু, শাহীন ও মনির নামে তিন বন্ধুকে নিয়ে মো. মজিবুর রহমান (৪০) নৌকাযোগে শহরের ডাকাতিয়া নদীতে ভ্রমণে বের হন। গতকাল বুধবার রাতে তারা বেশকিছু সময় ভ্রমণের একপর্যায়ে বিপরিত থেকে আসা বালিবাহী একটি ব্যাকহেড তাদের বহনকারী নৌকাকে ধাক্কা দেয়।
এতে মাঝিসহ অন্যরা সাঁতরে তীরে উঠে জীবন রক্ষা করতে পারলেও গুরুতর আহত মজিব ডুবে যান। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর শহরের পুরানবাজারে পৌরসভা মেয়র নাসিরউদ্দিন আহম্মদের বাড়ির সামনের স্কুলে মো. মজিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্তানে তার দাফন সম্পন্ন হয়।