চাঁদপুরে বিএনপি নেতাকর্মীসহ ২৫৯ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুরে পুলিশের কাজে বাধা প্রদান ও আক্রমণ করে গুরুতর আহত করার অভিযোগে বিএনপি নেতাকর্মীসহ ২৫৯ জনকে আসামি করে মামলা হয়েছে।
গত সোমবার এএসআই সোহাগ ভূইয়া চাঁদপুর মডেল থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, রোববার (২৮ মার্চ) বিকেল ৫টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের পৌর মার্কেটের সামনে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এএসআই সোহাগের নেতৃত্বে দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় আসামিরা হাতে লাঠিসোটা ইটপাটকেল নিয়ে নতুন বাজার থেকে মিছিল বের করেন।
ঘটনাস্থলে আসামাত্রই পুলিশের উপস্থিতি দেখে অতর্কিত আক্রমণ করেন তারা। এ সময় কনস্টেবল মিকাইল হোসেন ইট পাটকেলের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ঘটনাস্থল থেকে শাকিল হোসেন নামে এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ।