চন্দ্রগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীদের ৫৬ দোকান বন্ধ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ জুলাই, ২০১৯ ১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার স্বর্ণ ব্যবসায়ীদের ৫৬ টি দোকান বন্ধ রয়েছে। বরিবার (২৮ জুলাই) চন্দ্রগঞ্জ জুয়েলার্স মালিক সমিতির নেতারা প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেন। এরআগে শনিবারও দোকানগুলো বন্ধ ছিল।


ওই সমিতির সভাপতি জয়দেব নাথকে (৪৫) সম্প্রতি অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে বাজারের স্বর্ণ দোকানগুলো বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের দুর্ভোগে পড়তে হয়েছে।


জানা গেছে, সমিতির প্রতিবাদ সভায় জয়দেব নাথের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার না হলে পরবর্তীতে মানববন্ধনসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।প্রসঙ্গত, ওই সমিতির ৫৬ জন সদস্য রয়েছে।


সমিতির কোষাধ্যক্ষ কাকন কুরী বলেন, দ্বিতীয় দিনের মতো রবিবার আমাদের দোকানপাট বন্ধ রয়েছে। হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।


প্রসঙ্গত, মোটর সাইকেলযোগে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে রামকৃঞ্চপুর গ্রামের বাড়ি ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা জয়দেবকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে। এসময় তার ডান কানের নিচে গলায় কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়।


এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জয়দেবের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন