করোনা রোগীর চিকিৎসা করায় নোয়াখালীতে প্রাইম হসপিটাল লকডাউন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২০ ১:২০ পূর্বাহ্ণ

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানকার চিকিৎসক,নার্সসহ সকল স্টাফকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এক প্রবাসীকে গোপনে চিকিৎসা দেয়ার ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা ও ইতালি ফেরত মোরশেদ আলম (৪৫) করোনা আক্রান্তের উপসর্গ নিয়ে গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালে ভর্তি হন। তাকে ৫০৪ নম্বর কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয়। গত ৯ এপ্রিল রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকায় স্থানান্তরের চেষ্টা করা হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু ঘটে। ইতিমধ্যে রোগীর নমুনা পরীক্ষায় করোনা আক্রান্তের তথ্য মিলেছে। এ পরিস্থিতিতে হাসপাতালটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে করোনা সংক্রমণে সহায়তার।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান সোমবার রাতে জানান, আগামী ১৪ দিন হসপিটালটি লকডাউন থাকবে। এ সময়ে পুরো হাসপাতাল জীবানুনাশক দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। সেখানে কর্মরত সকল ডাক্তার,নার্স, ওয়ার্ডবয়সহ সকল স্টাফকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত ব্যক্তির তথ্য গোপন রেখে চিকিৎসা দেওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে সংশ্লিস্টরা জানান। জনগণ ও রোগীদের নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্যবিভাগ সোমবার রাত থেকে হাসপাতালটি লকডাউন করার নির্দেশনা প্রদান করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন