ইউপি চেয়ারম্যান রতনের জামিন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল আহমেদ রতনকে জামিন দিয়েছেন আদালত। রতন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম জামিন তার জামিন মঞ্জুর করেছেন।

এরআগে একই আদালত ৯ নভেম্বর জামিন আবেদন নামঞ্জুর করে রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ২১ দিন কারাবন্দি ছিলেন।

আসামির আইনজীবি সৈয়দ মোহাম্মদ শামছুল আলম বলেন, মামলায় উচ্চ আদালত থেকে রতনকে প্রথমে ৪ সপ্তাহের জামিন দেয়। মেয়াদ শেষ হলে ৯ নভেম্ভর তিনি লক্ষ্মীপুর জজ ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এতে ওইদিন বিচারক জামিন আবেদন নামঞ্জুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ফের জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

রতন তোরাবগঞ্জের প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, ২১ জুন দুপুরে প্রথম ধাপে ইউপি নির্বাচন চলাকালে আওয়ামী লীগ নেতা পিংকু গাড়িবহর নিয়ে সাংগঠনিক কাজে রামগতি উপজেলার আলেকজান্ডারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তোরাবগঞ্জ বাজার পৌঁছলে আসামিরা পরিকল্পিতভাবে তার গাড়ি লক্ষ্য করে ককটেল ফাটায়। এতে পিংকু গাড়ি থেকে নামতেই হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। তিনি সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান। তার প্রাডো গাড়ির চারপাশ ভাঙচুরে ১০ লাখ টাকার ক্ষতি হয়। হামলায় পিংকুসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় রতনকে প্রধান ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পিসহ ৫৪ জনের নাম উল্লেখ ও অচেনা আরও ১৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আ.লীগ নেতা পিংকুর গাড়ি চালক নিজাম উদ্দিন বাদী হয়ে কমলনগর থানায় মামলাটি দায়ের করেন। এরপর থেকেই রতন ও বাপ্পী পলাতক ছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন