আইএসপিএবি সিদ্ধান্তে অনড়, ৩ ঘণ্টা করে সেবা বন্ধ থাকবে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ

১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিশ সংযোগ (ক্যাবল টিভি) সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি ও ক্যাবল নেটওয়ার্ক অপারেটরগুলোর সংগঠন কোয়াব।

বিকল্প ব্যবস্থা না করে এবং কোনও ধরনের সময় না দিয়ে অব্যাহতভাবে ক্যাবল কাটার প্রতিবাদে সংগঠন দুটি এই ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।

দিনের এই সময়টাতে ইন্টারনেট সেবা বন্ধ থাকলে শেয়ারবাজার, ব্যাংক, এটিএম বুথ, করপোরেট হাউজসহ ব্যবসা-বাণিজ্যের সব খাতেই ফিক্সড ব্রডব্যান্ডনির্ভর অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এ সময় সারাদেশে ক্যাবল টিভির সেবাও বন্ধ থাকবে। শিক্ষার্থীদের অনলাইন স্কুল কার্যক্রমও বাধার মুখে পড়বে। এরপরও সংগঠন দুটো এখনও তাদের সিদ্ধান্তে অনড়।

সংগঠনের নেতারা বলছেন, তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তবে আর ক্যাবল কাটা হবে না এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য যৌক্তিক সময় দেয়া হবে— এমন লিখিত আশ্বাস পেলেই সংগঠন দুটো তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, সংগঠন দুটির দাবি, তাদের কোরো ধরনের সময় না দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ইন্টারনেট ও ডিশ সংযোগের ঝুলন্ত তার বা ওভারহেড ক্যাবল কেটে ফেলছে। এরইমধ্যে প্রায় ২০ কোটি টাকার ক্যাবল কাটা হয়েছে বলে তারা দাবি করছেন তারা, যা নতুন করে আর ব্যবহারযোগ্য নয়। ডিএসসিসি বলছে, বিদ্যুতের খুঁটিতে তার ঝুলিয়ে সংগঠন দুটি সেবা দিচ্ছে। এই ঝুলন্ত তারের জঞ্জাল একদিকে যেমন নগরীর সৌন্দর্যহানি করছে, অপরদিকে বিদ্যুতের তারগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়া সংগঠন দুটি এভাবে সেবা দেওয়ার বিষয়ে সিটি করপোরেশন থেকে কোনো অনুমতি নেয়নি। এটা হতে পারে না। আর সংগঠন দুটো বলছে, ক্যাবল কাটার আগে আমাদের কোনো সময় দেয়া হয়নি। ভূগর্ভস্থ ক্যাবল সেবা (এনটিটিএন) সব জায়গায় না থাকার কারণে তাদের ঝুলন্ত তারের মাধ্যমে সেবা দিতে হচ্ছে। বিকল্প ব্যবস্থা পরিপূর্ণভাবে চালু হলে সংগঠন দুটো নিজেরাই তার নামিয়ে মাটির নিচের লাইন দিয়ে সেবাদান অব্যাহত রাখবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন