২২ জেলার ২৪ পৌরসভায় কাল ভোট

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২০ ১০:৩১ পূর্বাহ্ণ

দেশের ২২ জেলার ২৪ পৌরসভায় কাল ভোট। ৬ লাখের বেশি ভোটার বেছে নেবেন তাদের মেয়র-কাউন্সিলরদের। সব পৌরসভায় ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে। ২৪ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৩ প্রার্থী আর কাউন্সিলর পদে ১ হাজার ১শ ২৫ জন। এদিকে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

পৌরসভার প্রথম ধাপের নির্বাচন কাল। দেশের ৩শ ২৯টি পৌরসভার মধ্যে এই ধাপে ২৫টি পৌরসভায় ভোট হবার কথা থাকলেও একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। এবার সব পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায় । চলবে  বিকেল ৪টা পর্যন্ত।

২৪ পৌরসভায় মোট ভোটার ৬ লাখ ২৪ হাজার ৮শ ৭জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩শ ১৯। মেয়র পদে ২৪ পৌরসভায় প্রতিদ্ব›িদ্বতা করবেন ৯৩ জন, সাধারণ ২শ ১৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮শ ৪৮ জন আর সংরক্ষিত ৭৪টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২শ ৭৭ জন প্রার্থী।

এই নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে না। ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া সব ধরণের ইঞ্জিনচালিত যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া শনিবার মধ্যরাত থেকে নির্বাচনের পরদিন সকাল ৬টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলও বন্ধ থাকছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া শনিবার থেকে পাঁচ দিনের জন্য পৌরসভাগুলোতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন