সুবর্ণচরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৮
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে মসজিদ কমিটি নিয়ে সংর্ঘষে মসজিদের প্রতিষ্ঠাতা সহ ৮জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে চরজব্বর ইউনিয়নের গোলাপ আলী সর্দার জামে মসজিদ কমিটির বিরোধ নিয়ে এ সংর্ঘষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মসজিদের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মোঃ হানিফ(৬৫), তার ছেলে রাশেদ(৩০) ও আবদুল মন্নান(৪০)সহ পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গোলাপ আলী সর্দার জামে মসজিদের পূর্বের কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠায় মসজিদের প্রতিষ্ঠাতা ও জমি দাতা মোঃ হানিফ নতুন কমিটি ঘোষণা করেন। কিন্ত পূর্বের কমিটির সদস্যরা এই কমিটি না মানায় বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধ মীমাংসার জন্য সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী দুই পক্ষকে নিয়ে মসজিদ মাঠে একটি শালিশী বৈঠক বসেন। বৈঠক শেষে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের হামলায় মসজিদের প্রতিষ্ঠাতা ও জমি দাতা মোঃ হানিফ এবং তার ছেলে রাশেদ সহ ৫/৬জনকে আহত হয়।
সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী জানান, মসজিদ কমিটি নিয়ে বিরোধ নিস্পত্তির জন্য উভয় পক্ষকে নিয়ে শালিসী বৈঠক শেষে মারামারির ঘটনা ঘটে।
এ ব্যাপারে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহেদ উদ্দিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।