ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তি,নোবিপ্রবি’র দুই শিক্ষার্থী বহিষ্কার
নোয়াখালী প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী প্রতিক মজুমদার ও একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী দীপ্ত পালকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।
অফিস আদেশে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ করায় তাদের বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে। সেই সাথে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না এবং আইসিটি আইনে মামলা হবে না, তা নিয়ে আগামী ২ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত (২৭ অক্টোবর) থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইসলাম নিয়ে কটূক্তিকারী দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।