লক্ষ্মীপুরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রোজা রেখে স্বেচ্ছাশ্রমে অসুস্থ এক কৃষকের ৪৮ শতাংশ জমির ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের নির্দেশে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বসুুদুহিতা গ্রামের কৃষক রুহুল আমিনের পাকা ধান কেটে দেয় তারা।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে এ কার্যক্রমে অংশগ্রহন করেন- থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি এম মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, থানা ছাত্রলীগের সদস্য শাহ পরান শাকিল, কলেজ ছাত্রলীগ নেতা কাউসার আহম্মেদ, এম সজিব, রমজান পাঠান, খাঁন সুজন ও ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রমজান পাটোয়ারীসহ অন্যান্য নেতাকর্মীরা।
অসুস্থ কৃষক রুহুল আমিন জানান, ক্ষেতের ধান পেঁকেছে। কখন কালবৈশাখী ঝড় এসে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। এনিয়ে বিপদে ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্যোগ নিয়ে স্বেচ্ছাশ্রমে ধানগুলো কেটে দিয়েছেন। শ্রমিক খরচও বেঁচেছে, ফসলও রক্ষা হয়েছে। এজন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, ছাত্রলীগ সবসময় মানবিক কাজ করে আসছে। জেলা ছাত্রলীগের নির্দেশে গত বছরও আমরা কৃষকের পাশে ছিলাম। এবারও আমাদের ইউনিটের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।