বৈশাখী মেলায় যেতে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
বৈশাখী মেলায় যেতে না দেয়ায় কীটনাশক পানে সাথী খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গোবরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাথী গোবরডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। সে স্থানীয় শাহপুর ছোট ঘিঘাটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা বলেন, সোমবার সকালে সাথী পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরে মেলায় যেতে চেয়েছিল। কিন্তু তার পরিবারের লোকজন তাকে যেতে নিষেধ করে।
এরপর সে অভিমানে দুপুরে কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।