‘ভ্রমনে অর্থের চেয়ে মানসিক প্রস্তুতির গুরুত্ব বেশি’
মোহনানিউজ ডেস্ক: ভ্রমনে অর্থের চেয়ে মানসিকভাবে প্রস্তুতির গুরুত্ব বেশি। নিজের শ্রম ও মেধা কাজে লাগিয়ে যা করা যায় তা অনেক সময় অর্থ দিয়েও সম্ভব হয় না। অর্থের চেয়ে মানুষকে তার পড়া-শোনা ও মেধা দিয়ে সবকিছু জয় করার মনোভাব তৈরি করতে হবে।
শুধু বিশ্ব অভিযাত্রা নয়; সে যখন কোন আবিস্কার করবে আগে থেকে তাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। স্বপ্ন দেখতে হবে। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আমি বিশ্বের ১২৫টি দেশ ভ্রমণ করেছি। দেশের পতাকা সব দেশে তুলে ধরেছি।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এক সাক্ষাতকারে এসব কথা বলেন নাজমুন নাহার। তিনি ইতোমধ্যে ফ্ল্যাগগার্ল হিসেবে পরিচিত লাভ করেছেন।
তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামের মেয়ে।
গত ১৭ বছর তিনি চষে বেড়িয়েছেন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার বিরামহীন পায়ের চিহ্ন পড়েছে বিশ্বের বহু পথে-প্রান্তেরে। ভেসে বেড়িয়েছেন সমুদ্র থেকে সমুদ্রে। আরোহণ করেছেন বহু সুউচ্চ পর্বতশৃঙ্গে। ঘুরেছেন ক্যারিবীয় সাগরে যুক্তরাজ্যের কয়েকটি ঔপনিবেশিক দ্বীপপুঞ্জেও। বেশিরভাগ ভ্রমণই করেছেন একা একা। একাকী হেঁটেছেন বিশ্বের বহু শহর ও গ্রাম। পরিচিত হয়েছেন হাজারো মানুষের সঙ্গে। পথ চলতে চলতে দেশ ভ্রমণের নেশা পেয়ে বসে তাকে।