বরগুনা জেলা আ.লীগের নেতৃত্বে আবারো শম্ভু-জাহাঙ্গীর
আবারও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। তবে নতুন করে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গোলাম সরোয়ার টুকু।
বুধবার (১৬ নভেম্বর) বিকালে বরগুনা সার্কিট হাউজ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শেষে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে দুপুরে সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিরীক্ষণ কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রব্বানী চিনু, মো. আনিসুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।
উল্লেখ্য, এক টানা প্রায় ৩০ বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার পর আবারও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর।