নাগরদোলা ও প্রীতিলতার জন্মভিটা
হোসাইন মোঃ ইসমাইল :
শুক্রবার টা হারিয়ে যাওয়ার দিন। কিশোর বয়সে হোস্টেল জীবনের দিনটা ছিলো ভিষণ আনন্দ আর কৌতুহলের। অচেনা শহর সাথে একটা ছোট আর পুরনো রেল স্টেশন (পটিয়া রেল স্টেশন)। হাটবারের বিকেল বেলায় লোকে লোকারন্ন হয়ে উঠে স্টেশনটি।
সকাল বেলায় নাস্তা সেরে পা বাড়িয়েছি দুর দিগন্তের হাতছানিতে (যদিও সেদিন নাস্তা করেছি কিনা তা আজ ঠাওর করতে পারছি না)।
শহিদুল নামের এক সিনিয়ার আজ আমার ঘুরার সঙ্গি। কারণ এক দেড়শো পোলাপাইন এর মধ্যে যে ৪/৫ জন শুদ্ধ বাংলা বুঝে বা বলতে পারে তাদের মধ্যে তিনি একজন (যেহেতু সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে) কাউকে কিছু বুঝতে না দিয়ে খুব চুপি চুপি বের হয়ে গিয়েছি। ডাকবাংলা মোড়ে গিয়ে এক হলাম দুজনে। তখন কার শাহি মিষ্টাঙ্গন হোটেল এ হালুয়া আর পরটা নিয়ে একটা টেম্পু টাইপের শ্যালো ইঞ্জিনের ভটবটি তে উঠে চলতে শুরু করলাম। সেই সময়ে এতটা আনন্দ আর কৌতুহল ছিলো! এভাবে একা ঘুরতে বের হওয়া। নেই কোন শাসন বারন।
টেম্পু থেকে নেমে মেইন রোড থেকে হাতের বামে কিছু দূর হেটে একটা রেল ব্রীজ এর উপরে উঠলাম। কি সুন্দর! অবাক করা বিষয় নদীর মাঝে ট্রাক চলছে…! রেলিং ছাড়া ব্রীজ টা খুব ভয়ে ও আতংকে পার হলাম শহিদুল ভাই এর হাত ধরে। পার হয়ে নদীতে নেমে পড়লাম। আহ…! কি ঠান্ডা পানি, স্রোত ও প্রচুর!
কিন্তু নদীর মাঝখানেও পানি একহাটুর বেশি নয়। অনেকক্ষন লাফালাফি করে ফেরার পথে পা বাড়ালাম।এবার চলছি আরাকান সড়ক ছেড়ে গ্রামীণ পল্লীর নীরব রাস্তা ধরে আবার ও সেই শ্যালো ইঞ্জিনের টেম্পুতে।
বৃটিশ বিরোধী আন্দোলনে জীবন বিলিয়ে দেওয়া বীরকন্যার জন্মভুমি ধলঘাট গ্রাম বিপ্লবীদের আতুড়ঘর এ গ্রাম। বৃটিশদের দুইশো বছরের শাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিদ্রোহে নামা সূর্যসন্তানদের আস্তানা ছিলো এই গ্রাম। মাস্টার দা সূর্যসেন এর স্মৃতি বিজড়িত ছায়াঘেরা নীরব পল্লী প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্মভুমি ধলঘাট গ্রাম ঘুরে এবার আমরা হাজির হলাম রেলস্টেশনে।
ততক্ষনে দুপুর গড়িয়ে বিকেল এর শুরু। ব্রিটিশ আমলের লাল দালানের তৈরী রেলস্টেশন। সামনে খুব জমজমাট আয়োজন। নানা মানুষের হাঁকডাক। নানান রকমের পসরা সাজিয়ে বসা কৃষক। বেগুন, শসা, চিচিঙ্গা নিয়ে এক জায়গায় দলবেঁধে দাড়িয়ে আছে মানুষ। শহিদুল ভাইরে জিজ্ঞাসা করলাম ওরা কেন দাঁড়িয়ে আছে? উত্তরে তিনি বললেন এটা মানুষের হাট! তখন বুঝিনি, আজ বুঝলাম শ্রমিকের হাট ছিলো সেটা।
মালিক বাজার থেকে দেখে শ্রমিক নিয়ে যায় ৪/৫ দিন বা যার যতোদিনের কাজ প্রয়োজন, ততদিনের জন্য। আরেক টু সামনে গিয়ে দেখি মানুষের জটলা। ছোট বলে আমাকে তাড়িয়ে দিচ্ছে বার বার। এর পাশে আরেক টা গ্রুপ দেখলাম. বিশাল প্লাস্টিকের সাইন ব্যানার এ কতগুলো ছবি ক্রমানুসারে সাজানো। মান্ধাতা যুগের টেপরেকর্ডার এ কথা বেজে চলছে। আর সাইনবোর্ড এর সামনে এক ভদ্রলোক লাঠি দিয়ে কথার সাথে তাল মিলিয়ে ছবি গুলো দেখাচ্ছে। এর পর ঔষধ বিক্রি করছে (কৃমিনাশক ঔষধ)। আরো কত কি।
এর মাঝেই গজা টাইপের মিষ্টি জাতীয় কিছু খেলাম আমরা। কিছুটা দুরেই একটা অদ্ভুত কাঠের ঘর্ষণ এর আওয়াজ কানে আসছিলো। গেলাম ওখানে। কাঠের এই সুন্দর জিনিষ টা মনে ধরেছে আমার। অনেক টা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম।
এর পর উঠে বসলাম আমিও, মানুষ পুরেও গেলো। ঠেলতে শুরু করলো বয়রা গুলো। তাদের সখের নাগরদোলা। এতটা আনন্দ! এতটা শিহরন কখনো পাইনি। নাগর দোলার সেই শব্দের সঙ্গে সন্ধ্যা নেমে এসেছে আকাশে।ক্লান্ত পাখিদের মতো আমাদেরও হোস্টেল এ ফেরার তাড়া।
অতীত গল্প গুলো হৃদয়ের মানষপটে ভেসে ভেসে জানান দেয় ফেলে আসা দিনগুলো সময়ের সাথে সাথে মধুর থেকে আরো মধুময় হয়। তারপরেও সময়ের সাথে নাগরদোলার মতোই ঘুরে চলছে জীবনের চাকা।
#নাগরদোলা #শ্রিমাইখালবালুমহাল #পটিয়ারেলস্টেশন #ধলঘাট
লেখক ও ভ্রমণকারী : হোসাইন ইসমাইল