দুদকের অনুসন্ধানে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির ২১ কর্মকর্তা
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ, প্রকল্প বাস্তবায়ন ও রাজস্ব আদায়ে অনিয়ম, সিন্ডিকেট ও বদলি বাণিজ্য, মার্কেটে দোকান বরাদ্দ ও ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ আরো অনেক অভিযোগ রয়েছে। অভিযোগগুলো অনুসন্ধানের স্বার্থে দুদক তাঁদের নথি তলব করেছে।
দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলামের সই করা চিঠিতে নথিগুলো চাওয়া হয়েছে। এর পাশাপাশি দুই সংস্থার দোকান বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে ১০টি ফাইলের সত্যায়িত কপি চাওয়া হয়েছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে ৩০ জুনের মধ্যে নথিগুলো পাঠাতে বলা হয়েছে।
দুদকের চিঠিতে যাঁদের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন, সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী, কর কর্মকর্তা (চলতি দায়িত্ব) আলীম আল রাজি, সাবেক প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সাবেক বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম (মৃত), কর কর্মকর্তা শেখ আব্দুল কুদ্দুস (অঞ্চল-২), কর কর্মকর্তা আবুল খায়ের (বর্তমানে রাজস্ব কর্মকর্তা, বাজার সার্কেল), উপকর কর্মকর্তা আনোয়ার হোসেন (অঞ্চল-৪-এর কর কর্মকর্তা), রেন্ট অ্যাসিসট্যান্ট আজমত উল্যাহ শরীফ (অবসরপ্রাপ্ত), ক্যাশিয়ার আবদুস সালাম (অবসরপ্রাপ্ত), সিস্টেম অ্যানালিস্ট মো. আবু তৈয়ব রোকন, প্রগ্রামার নুর আলম, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সুভাশীষ ভৌমিক (আইসিটি সেল), উপকর কর্মকর্তা মো. জসিম উদ্দিন (অঞ্চল-২) ও উপকর কর্মকর্তা মো. আনিসুর রহমান (বাজার শাখা-১ ও বিবিধ শাখা), রেভিনিউ সুপারভাইজার আব্দুল খালেক (অবসরপ্রাপ্ত), কর কর্মকর্তা লিয়াকত আলী (অঞ্চল-১), উপকর কর্মকর্তা মো. নাসির উদ্দিন (বর্তমানে রাজস্ব কর্মকর্তা), উপকর কর্মকর্তা আলী আকবর (অবসরপ্রাপ্ত), উপকর কর্মকর্তা আনিসুজ্জামান (বর্তমানে অঞ্চল-৪-এর কর কর্মকর্তা) ও রেভিনিউ সুপারভাইজার মো. মাসুদুর রহমান।