জমি দখলে নিতে না পেরে প্রবাসীকে হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ২১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখতে ওমান প্রবাসী হাছান আহাম্মদকে মামলা করার হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে সফিক উল্যাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন প্রবাসী হাছান আহাম্মদ। তিনি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকার মৃত নেছার আহম্মদের ছেলে।
এসময় উপস্থিত ছিলেন হাছানের ভাই কৃষক মুনছুর আহমেদ, ভাবি রৌশন আরা, ভাই কৃষক হোছেন আহাম্মদ ও ভাবি মরিয়ম বেগম।
লিখিত বক্তব্যে হাছান বলেন, সফিক কৌশলে আমাদের ২১ শতাংশ জমি তাদের নামে খতিয়ানভুক্ত করে নেয়। ওই জমির প্রায় ১৪ শতাংশ তারা জোরপূর্বক দখল করে চাষাবাদসহ বিভিন্নভাবে ভোগ করছে। এ ঘটনায় আমরা আদালতে মামলা দায়ের করেছি। এখন তারা আমাদের বসতঘরের পাশে জমি দখল করার চেষ্টা করে। তারা সেনা ক্যাম্পেও আমাদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ দিয়েছে। কিন্তু তদন্তের সেনাবাহিনী কোন প্রমাণ পায়নি। ২৬ আগস্ট আমাদের জমি দখলের চেষ্টা করলে আমরা বাধা দিই। কিন্তু সেখানে হাতাহিত কিংবা কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু তারা আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে শফিক উল্যাহর মোবাইলফোনে কল দিলে তার ছেলে হারুন রিসিভ করে বলেন, তাদের জমি হাছানরা দখল করে রেখেছে। তবে মোবাইলফোনে এ ব্যাপারে আর কোন বক্তব্য দিতে রজি হননি তিনি।