চুপিসারে বিমানবন্দর ছাড়লেন ডা. মুরাদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে গেছেন মুরাদ হাসান। ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যান তিনি।

দেখা গেছে, হুন্দাই কোম্পানির একটি প্রাইভেটকারে চড়ে মুরাদ হাসান উত্তরার পথে রওনা দেন। এর আগে রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একে-৫৮৬ ফ্লাইটে দেশে ফিরেন ডা. মুরাদ হাসান।

বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ‘ফ্লাইটস্টারস’-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাই বিমানবন্দর থেকে রোববার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

মাহবুব আলী সন্ধ্যা পৌনে ৬টার দিকে যখন বিমানবন্দর ছেড়ে বেরিয়ে ‍যাচ্ছিলেন, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুরাদ হাসান কোভিড-১৯ সনদ নিয়েছিলেন কি না, তার ভিসার মেয়াদ রয়েছে কি না এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ওসি ইমিগ্রেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

জানা যায়, কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর আরব আমিরাতের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন মুরাদ হাসান। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের পর সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়। এরপর তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন