চন্দ্রগঞ্জে ভোট কেন্দ্রে বিরিয়ানি উৎসব !

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ

জামাল উদ্দিন রাফি: বাবুর্চি খাবার প্রস্তুতের সকল সরঞ্জাম নিয়ে উপস্থিত। ভোট কেন্দ্রের ভেতরে চলছে বিরিয়ানির আয়োজন। খাবারের জন্যও সবাই প্রস্তুত। পুলিশ, আনসার, প্রিজাইডিং অফিসার ও ভোটারসহ সংশ্লিষ্ট সকলে খাবারের জন্য প্লেট নিয়ে ব্যস্ত।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার থেকে ২ টার মধ্যেই প্লেটে প্লেটে বেশ আনন্দ করে বিরিয়ানি খেয়েছেন উল্লেখিত দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা। এসব কর্তা ব্যক্তি বিরিয়ানি খাওয়ার সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বুথে জাল ভোটে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা ঘটেছে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের উত্তর পূর্ব পাচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চলছিল শান্তিপূর্ণ নির্বাচন। ভোটাররাও ভোট দিয়েছে। তবে কে কতটি ভোট দিয়েছেন তা বলা মুশকিল। কারণ প্রকৃত ভোটারদের উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন কেন্দ্রে পর্যবেক্ষণে যাওয়া সংবাদকর্মীরা।

 

ভোটকেন্দ্র থেকে ফিরে সংবাদকর্মী হাসান মাহমুদ শাকিল জানান, ভোট কেন্দ্রে এমন আয়োজন বিরল। আমি আর কখনো এমন আয়োজন দেখিনি। একদিকে বিরিয়ানি উৎসব চলছে। অন্যদিকে জাল ভোট হচ্ছে।

বিএনপি সমর্থিত স্থানীয় ভোটার আনোয়ার হোসেন জানান, ভোট কেন্দ্র বিরিয়ানি উৎসবের মধ্য দিয়ে সকলকে ব্যস্ত রেখে জাল ভোট দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদের উপস্থিতি খুবই কম ছিলো।

 

ভোট কেন্দ্রের বিরিয়ানির দায়িত্বে থাকা দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমরা নৌকার পক্ষে কাজ করেছি। এখানে দূরদুরান্ত থেকে আসা ভোটার, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট প্রায় ১৫০ জনের জন্য আপ্পায়ন করেছি।

এ নির্বাচনে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নুরুল আমিন, বিএনপির ধানের শীষ প্রতীকে তোফায়েল আহমেদ এবং আনারস প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ হাসান। চন্দ্রগঞ্জ ইউনিয়নে ভোটার সংখ্যা ২৫ হাজার ৬৯৩ এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি।

 

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল মারা যান। এরপরই এই উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন