কাউন্সিলরকে মারধর : রায়পুরে আ.লীগ নেতা বাক্কি বিল্লাহসহ আসামী ১২

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৯ ১১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাছির উদ্দিন ছগিরকে আওয়ামী লীগের বর্ধিত সভায় মারধর করার ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ওই কাউন্সিলর বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রায়হান চৌধুরীর আদালতে এ মামলা দায়ের করেন।

এতে পৌর আওয়ামী লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহকে প্রধানসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।


বাদীর আইনজীবি মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামি ১৯ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়।


অন্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী গুলজার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানভীর হায়দর চৌধুরী রিংকু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিনার, পৌর আওয়ামী লীগের সদস্য সোহরাব মিশরী ও ওয়ার্ড যুবলীগ নেতা রায়হান ভূঁইয়া।


অভিযোগে বলা হয়, বাদী নাছির উদ্দিন ছগির পৌরসভার ৪ নম্বর ওয়াডের্র কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার সঙ্গে পৌর আওয়ামী লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহের রাজনৈতিক মতবিরোধ রয়েছে।

২০ এপ্রিল বিকেলে রায়পুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা অডিটোরিয়ামে হয়। সেখানে ছগির বক্তব্য দেন। এক পর্যায়ে বাক্কি বিল্লাহ উপস্থিত কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতাদের সামনে ছগিরকে ‘বহিস্কৃত নেতা’ বলে অপবাদ দিয়ে তর্কে জড়িয়ে পড়ে।

এসময় আসামিরা তাকে চারপাশ থেকে ঘিরে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর করে। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন