করোনা : লক্ষ্মীপুরে অবাধে চলাফেরায় তিন প্রবাসীর জরিমানা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২০ ৬:৩৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতিতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় পৃথক ৩ প্রবাসীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের প্রবাসী মো. লিটন ও ফতেহপুর গ্রামের আবু নোমানকে বাড়ির বাইরে অবাধে ঘুরতে দেখা যায়।


বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে উপজেলার দক্ষিণ হাজিপুর ও জামালপুর এলাকায় আরও দুই প্রবাসীর বাড়ি পরিদর্শন করা হয়।


এদিকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা ভঙ্গ করায় দুপুরে রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামের সৌদি প্রবাসী জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।


জেলা সিভিল সার্জন সূত্র জানায়, চলতি মার্চ মাসে ৩ হাজার ৬৬২ জন প্রবাসী লক্ষ্মীপুর এসেছেন। এ জেলায় এখনো পর্যন্ত ৩৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এরমধ্যে ৩৭৩ জনই প্রবাসী। অন্য দুইজন ঢাকার কারাখানার শ্রমিক। হোম কোয়ারেন্টাইনের মধ্যে লক্ষ্মীপুর সদরে ৩০, রায়পুরে ১৪৭, রামগঞ্জে ৭২, কমলনগর ১৯ ও রামগতিতে ১০৩ জন। করোনা আক্রান্ত সন্দেহে সদর হাসপাতালে ৪ জনকে আইসোলেশন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু বিদেশ ফেরত বাকি ৩ হাজার ২৮৭ জনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে তারা নিজ থেকে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে না আসলে প্রশাসনের সহযোগীতায় তাদেরকে আটক করে আনা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার সর্বত্র সভা-সমাবেশ, ওয়াজ-মাহফিল, বিয়ের অনুষ্ঠান ও জনসমাগমসহ সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। বিদেশ ফেরত লোকদের করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় ১৪দিন হোম কোয়ারেন্টাইনে (নিজ গৃহে সার্বক্ষণিক অবস্থান) থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়। বুধবার (১৮ মার্চ) রাতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জরুরী বৈঠক ডেকে এসব নির্দেশনা দেন।


রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, ৪ জন প্রবাসীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বাইরে অবাধে চলাফেরায় দুইজনকে জরিমানা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। প্রবাসীদেরকে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৭৫ জনকে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের পাহারায় মনিটরিং করা হচ্ছে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত জেলার কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন