হাইকোর্টে দণ্ড স্থগিত, আজ চেম্বার আদালতে শুনানি
যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর দণ্ড স্থগিত করে হাইকোর্টের একক বেঞ্চের দেয়া আদেশের স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। আজ (শনিবার) সকাল ১০টায় এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী জানান, হাইকোর্টের একক বেঞ্চের আদেশ স্থগিত চেয়ে আমরা আবেদন করেছি। আবেদনের শুনানির দিন আজ নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টায় এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
সরকারি ছুটির দিন অর্থাৎ শনিবার সুপ্রিমকোর্টের চেম্বার আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে কোনো আইনগত বাধা রয়েছে কিনা জানতে চাইলে মাসুদ চৌধুরী জানান, চেম্বার আদালত যে কোনোদিন, যে কোনো প্রয়োজনে বসতে পারে। এখানে কোনো আইনি বিধিনিষেধ নেই। এছাড়া ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই শুনানিতে থাকার জন্য অবহিত করা হয়েছে।
মুন্নীর বিরুদ্ধে বিচারিক আদালতের দেয়া দণ্ড ও সাজা স্থগিত করে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক বেঞ্চ আদেশ দেন। ওইদিন মুন্নীর আইনজীবী আমিনুল ইসলাম জানান, বিচারিক আদালতের দেয়া মুন্নীর দণ্ড স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে যারা নির্বাচনে অংশ নিতে চান তারা হাইকোর্টে দণ্ড বা সাজা স্থগিত করে নির্বাচনে অংশ নিতে পারবেন।
এছাড়া আদালত বলেছেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে দণ্ডিত বলা যাবে না। প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংবিধান অনুসারে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে অযোগ্য। অর্থাৎ দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই হাইকোর্টের একক বেঞ্চের এ আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। এ আদেশ সংবিধান পরিপন্থী।
উল্লেখ্য, বিচারিক আদালতে কোনো ব্যক্তির দুই বছরের বেশি সাজা হলে এবং আপিল করলে আপিল নিষ্পত্তি না পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে বুধবার হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।