হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২০ ২:০৬ অপরাহ্ণ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালে রাজধানীতে যানবাহন স্বাভাবিক রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রবিবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর, পল্লবী, বিজয় সরণি, পান্থপথ, গুলশান, মালিবাগ, খিলগাঁও, কারওয়ানবাজার ও ফার্মগেট এলাকা ঘুরে রাস্তায় বাস, ট্রাক, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে যানবাহনের সংখ্যা।


মহাখালী নাখালপাড়া এলাকার বাসিন্দা রায়হানুল বলেন, পথে গাড়ির সংখ্যা দেখে কেউ বলতে পারবে না যে আজ হরতাল। সবকিছুই তো স্বাভাবিক রয়েছে।


ফার্মগেট এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জানান, রাস্তায় সব ধরনের যানবাহন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়ছে। রাস্তায় গাড়ির সংখ্যা দেখে বুঝার উপায় নেই হরতাল চলছে।


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন।


এদিকে হরতাল ঘোষণার পর তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরিবহন মালিক-শ্রমিকরাও হরতালে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছেন।


বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মসিউর রহমান ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এক বিবৃতিতে বলেন, হরতালে বাস চলাচল স্বাভাবিক থাকবে। বাস ভাঙচুর ও আগুন দেয়া হলে দায়দায়িত্ব বিএনপিকে নিতে হবে।

শেরে-বাংলা নগর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হোসেন জানান, হরতালের কোনো প্রভাব পড়েনি রাজপথে। যানবাহন স্বাভাবিক রয়েছে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন