সুন্দরবন ঘুরে দেখলেন সায়মা ওয়াজেদ পুতুল
সুন্দরবন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে যান তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার দুই সন্তান ও নিরাপত্তাকর্মীরা। সায়মা ওয়াজেদ পুতুল সন্তানদের নিয়ে দুই ঘণ্টার বেশি সময় ধরে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটির কিছু অংশ ঘুরে দেখেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করমজলে থাকা বানর, হরিণ, বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা, কুমির ও কুমিরের ছানার খাঁচা ও চৌবাচ্চা ঘুরে দেখেন অতিথিরা। এ সময় সুন্দরবন ও করমজলের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।
করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আসার আগাম কোনো খবর আমাদের কাছে ছিল না। এখানে আসার পর তার নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি আমাকে জানান।
আরো বলেন, করমজলে অবস্থানকালে সায়মা ওয়াজেদ পুতুল ও তার সন্তানরা সুন্দরবনের ম্যাপ, কুমির, বানর, কচ্ছপ ও হরিণ দেখেন। সুন্দরবনের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের জানিয়েছি। সব মিলিয়ে তিনি সুন্দরবন ভ্রমণ করে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।