শেখ হাসিনার পতন ঘটাতে পারে এমন কোনো শক্তি নেই: হানিফ
নিজস্ব প্রতিবেদক: যতদিন শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি ও জামায়াত একে অপরের পরিপূরক। তারা ২০০১-৬ সাল পর্যন্ত গণহত্যা করেছিল। তারা এখন চাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় কি-না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই, শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারে।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনের কবর জিয়ারত করতে যান কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা প্রতিবাদ সভায় অংশ নেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাসী পথটাই বেছে বেছে নিয়েছে। কারণ তাদের নেতা তারেক রহমান স্বীকৃত একজন সন্ত্রাসী। বিএনপির সময় দেশে হেযবুত তাওহীদ, জেএমবিসহ জঙ্গি সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা ভাই-আবদুর রহমান তাদেরই সৃষ্টি। তারাই রাজপথে নৈরাজ্য সৃষ্টি করেছিল।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটওয়ারী প্রমুখ।