লক্ষ্মীপুরের মেঘনায় নববধূসহ বরযাত্রীর নৌকাডুবি
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে বিয়ের পর বরযাত্রী নববধূ নিয়ে ফেরার পথে মেঘনা নদীতে নৌকাডুবির যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকায় অন্তত ৩৫ জন যাত্রী থাকলে তারা সাঁতরে কূলে উঠেছেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নদীবেষ্টিত বিচ্ছিন্ন ইউনিয়ন চর আব্দুল্লাহর চেয়ারম্যান বাজারের কাছে মেঘনা নদী ও খালের সংযোগস্থলে পানির ঘূর্ণিতে পড়ে ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা কালু মাঝির ছেলে সোহাগ হোসেন উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগরের হাজীগঞ্জে বিয়ে করেন। সেখান থেকে সন্ধ্যার পর তারা বাড়িতে ফিরছিলেন। হঠাৎ করে নৌকার জ্বালানি তেল শেষ হয়ে যায়। পরে জাহাজের একটি স্পিডবোট খবর দেওয়া হয়। স্পিডবোটের সঙ্গে নৌকাটি বেঁধে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে নদী ও খালের সংযোগস্থলে পানির ঘুর্নিতে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক সবাই সাতঁরে কূলে উঠে পড়ে।
নৌকার যাত্রী নোমান চৌকিদার বলেন, ঘটনার সময় নদীতে ভাটা ছিল। আর ঘটনাস্থলও নদীর তীরের কাছাকাছি ছিল। এতে যাত্রীরা সহজেই কূলে উঠতে সক্ষম হয়েছে। তা না হলে ৩০-৩৫ জন যাত্রী ডুবে গিয়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিল৷ পরে নৌকাটি টেনে তীরে তুলে নেয় স্থানীয়রা।
এ ব্যাপারে রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহম্মেদ বলেন, খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেছি। কোন হতাহতের ঘটনা ঘটেনি। কেউ নিখোঁজও নেই। সবাই নিরাপদে বাড়ি ফিরেছেন।