লক্ষ্মীপুরে ৩০ ঘন্টা পর বিদ্যুতের দেখা, স্বস্তিতে জনজীবন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে প্রায় ৩০ ঘন্টা পর বিদ্যুতের দেখা মিলেছে। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। গত ৩০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় গৃহিনীদের রান্নার কাজে হিমসিম খেতে হয়েছে।
অজু, গোসলসহ প্রয়োজনীয় কাজে স্থবির হয়ে পড়েছিল জনজীবন। অনেকের মোবাইল ফোনে চার্জ না থাকায় বন্ধ ছিল। বিদ্যুতের সঙ্গে ছিলো না মোবাইল সিমের নেটওয়ার্ক। একই সঙ্গে বন্ধ ছিল বাসা-বাড়ির ফ্রিজ।
এদিকে বিদ্যুৎ না থাকায় দেশের করোনা ভাইরাসের খবর দেখতে পায়নি অনেকেই। সবশেষ শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যুৎ আসায় স্বস্তি ফিরছে জনজীবনে।
বিশ্বস্ত সূত্র জানায়, বৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারে গাছ ভেঙে পড়ে। এতে দুর্ঘটনা রোধে বিদ্যুৎ সংযোগ কেন্দ্র থেকে বন্ধ রাখা হয়েছে। ভেঙে পড়া গাছগুলো অপসারণ করে বিদ্যুৎ চালু করা হয়েছে। এতে দীর্ঘ সময় লেগেছে বলে জানান সংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গৃহিনী তাইসা সুলতানা ঈশা জানান, রমজান উপলক্ষে মাছ-মাংস কিনে ফ্রিজ ভর্তি করে রেখেছি। দীর্ঘ কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এখন বিদ্যুৎ আসাতে কিছুটা রক্ষা করা যাবে।