লক্ষ্মীপুরে লাইলীসহ মনোনয়নযুদ্ধে যেসব নারী
মোহনানিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নারী মনোনয়ন প্রত্যাশা করছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারবিরোধী প্রধান দল বিএনপি থেকে সম্ভাব্য নারী প্রার্থীরা সবচেয়ে বেশি সরব রয়েছেন। এরই মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নারী নেত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপিসহ অন্যান্য দলের সম্ভাব্য নারী প্রার্থীরাও ভোটের লড়াইয়ে তৎপর রয়েছেন।
লক্ষ্মীপুর-৪ : লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
যশোর-৬ : যশোর-৬ আসন (কেশবপুর) থেকে আওয়ামী লীগের হয়ে আবারও লড়তে চান বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। গত পাঁচ বছরে এলাকার উন্নয়ন ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা করে তিনি তাঁর জনপ্রিয়তা ধরে রেখেছেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গতকাল শনিবার তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গাজীপুর-৪ ও ৫ : গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে ফের নৌকার হয়ে ভোটযুদ্ধে লড়তে চাইছেন শহীদ তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি। অন্যদিকে গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন বর্তমান সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
চাঁদপুর-৩, ৪ ও ৫ : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন প্রত্যাশা করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য ডা. বদরুন নাহার ভূঁইয়া ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়ন চাইছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা।
মানিকগঞ্জ-২ ও ৩ : মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে নৌকা প্রতীকে ফের মনোনয়ন চাইছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এরই মধ্যে তিনি দুই দফায় সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। নবম জাতীয় সংসদে তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এ ছাড়া মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার আফরোজা খানম রীতা। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি। তাঁর বাবা মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু।
ফেনী-১ ও ৩ : ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার এবারও এ আসনে মহাজোটের প্রার্থী হতে চান। এরই মধ্যে ফেনীর একাধিক সমাবেশে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন। এদিকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের প্রার্থী হতে গত এক বছর ধরে মাঠ চষে বেড়াচ্ছেন মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, নির্মাতা ও অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী ও আরেক টিভি ব্যক্তিত্ব শমী কায়সার।
রাজবাড়ী-১ : রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার চৌধুরী লাভলী। এ লক্ষ্যে শনিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর তা জমা দিয়েছেন তিনি।
মৌলভীবাজার-৩ : মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে নৌকায় মনোনয়ন চাইছেন বর্তমান সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। তিনি সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর উপনির্বাচনে তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
চুয়াডাঙ্গা-১ : চুয়াডাঙ্গা-১ আসনের নৌকায় মনোনয়নপ্রত্যাশী শিরিন নাঈম পুনম। তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। গত শুক্রবার তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ : চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। এ ছাড়া নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকেও দলের মনোনয়ন চাইবেন তিনি।
নাটোর-১, ২ ও ৩ : নাটোরের তিনটি আসনে পাঁচজন নারী প্রার্থী আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের জন্য মনোয়ন ফরম তুলেছেন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে মনোনয়ন চেয়েছেন কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য সিলভিয়া পারভিন লেনি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শেফালি মমতাজ। নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে মনোনয়ন চেয়ে ফরম তুলেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি উমা চৌধুরী জলি ও জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদ।
নওগাঁ-২ : নওগাঁ-২ আসন (ধামইরহাট-পত্নীতলা) থেকে নির্বাচনে লড়তে চাইছেন ড. আবেদা আখতার কণা। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বর্তমানে কণা এনপিপির চেয়ারম্যান সালাউদ্দিন সালুর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও ঢাকা মহানগর এনপিপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের মেয়ে আবেদা আখতার।
নীলফামারী-১, ৩ ও ৪ : নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহশিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি। অন্যদিকে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন ববিতা রানী সরকার। এ ছাড়া নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রধান দুটি রাজনৈতিক দল থেকে তিন নারী মনোনয়ন প্রত্যাশা করছেন। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য আমেনা কোহিনুর আলম, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন এবং বিএনপির নির্বাহী সদস্য বিলকিছ ইসলাম।
বাগেরহাট-১, ২ ও ৩ : বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহার তালুকদার ও বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নৌকায় মনোনয়ন চাইছেন ফরিদা আক্তার বানু ওরফে লুসী। এ ছাড়া বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বিএনপি থেকে ভোটের মাঠে থাকতে চান রুনা গাজী।
কুষ্টিয়া-৪ : কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকশা) আসনে জেলা ও কুমারখালী থানা আওয়ামী লীগের সদস্য সুলতানা তরুণ নৌকায় মনোনয়ন প্রত্যাশা করছেন। এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সুলতানা তরুণ বলেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের কাছাকাছি থেকেছি। আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন করেছি, অতীতে তা কেউ করতে পারেননি। আশা করি, এবার আমি দল থেকে মনোনয়ন পাব।’
হবিগঞ্জ-৩ : হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবার সরাসরি ভোটযুদ্ধে নামতে চান। হবিগঞ্জ-৩ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। এ লক্ষ্যে গত শুক্রবার মনোনয়ন ফরম কিনেছেন।
কুড়িগ্রাম-৪ : কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজীবপুর-চিলমারী-উলিপুর) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মমতাজ হোসেন লিপি। এ কারণে দীর্ঘদিন তিনি নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে প্রচারণা চালিয়েছেন। কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম হোসেনের মেয়ে লিপি।(দৈনিক কালের কন্ঠ)