লক্ষ্মীপুরে যুবলীগের কোরআন খতম
নিজস্ব প্রতিবেদক: যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার সহধর্মীনী নাহিদ সুলতানা জুথির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মে) জোহরের নামাজের শেষে সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউনুছ হাওলাদার রূপমের উদ্যোগে এ আয়োজন করা হয়। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।
লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনী এলাকার বায়তুল মামুর জামে মসজিদে মাদ্রাসার ১৫ জন ছাত্র কোরআন খতম করেন। পরে যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ ও তার স্ত্রী জুথির করোনা মুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়। এছাড়া আছরের নামাজের পর লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে তাদের রোগমুক্তিতে মিলাদ ও দোয়া আয়োজন করেছেন রূপম হাওলাদার।
এসময় যুবলীগ নেতা রূপম হাওলাদার, মসজিদের ইমাম হারুনুর রশিদ, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরান হাছান কাউসার উপস্থিত ছিলেন।