লক্ষ্মীপুরে যুবদিবসে প্রশিক্ষিত ৮ যুবক পেল ৫ লাখ ৬০ হাজার টাকার ঋণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে যুব দিবসে প্রশিক্ষিত ৮ যুবকের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় চেকগুলো হস্তান্তর করা হয়। এরআগে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সড়কের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মংনেথোয়াই মারমা, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দীন আহম্মদ খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন প্রমুখ।

আয়োজকরা জানায়, ৮ যুবক যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ নিয়েছেন। এতে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছে। যুব দিবসের অনুষ্ঠানে তাদের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, যুবকরা উদ্যোক্তা হয়ে উঠলে দেশের অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবকদের পরীশ্রমী হতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন। একই সঙ্গে কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন