লক্ষ্মীপুরে মা-দাদিসহ প্রবাসীকে মারধর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসী পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানা পুলিশ আহতদের অভিযোগ-মামলা না নিয়ে উল্টো প্রতিপক্ষের সাজানো মামলা নিয়েছেন বলে মালয়েশিয়া প্রবাসী রিয়াজ হোসেন অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে রিয়াজ সাংবাদিকদের বিষয়টি জানিয়ে নিরাপত্তাহীনতার কথা তুলেছেন। এদিকে হামলাকারী মাহাবুব হাছান রিপনদের পক্ষে বুধবার (৬ ডিসেম্বর) রাতে থানা পুলিশ মামলা নিয়েছেন। এতে আতঙ্কে রয়েছে ভূক্তভোগী পরিবার। রিপন ঢাকার রমনা থানা কৃষকলীগের সভাপতি। স্থানীয় সূত্র জানিয়েছে, এরআগে বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের জুনুত গাজী বাড়িতে হামলার ঘটনা ঘটে।

 

আহত প্রবাসী রিয়াজ, তার মা জেসমিন বেগম (৫১) ও দাদী নুরনাহার বেগম (৮৫)। ভূক্তভোগী পরিবার সূত্র জানায়, বাড়ির সামনেই পূর্ব গোপীনাথপুর জামে মসজিদ রয়েছে। অভিযুক্ত রিপন ওই মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী। বুধবার সকালে মসজিদের টয়লেটের ট্যাংক পরিস্কার করে প্রবাসী রিয়াজদের ঘরের পাশে উম্মুক্ত স্থানে ফেলা হয়। এতে ময়লার দুর্গন্ধ ছড়ানোর আশংকায় রিয়াজ একটি গর্ত করে ময়লা মাটিচাপা দিতে রিপনকে বলেন। এনিয়ে রিপন তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সবার উপস্থিতিতে ঘটনাটি সমাধান হলেও পরে রিপন ও তার ভাই রাজু আহম্মেদসহ একদল লোক ধারালো অস্ত্র নিয়ে রিয়াজের পরিবারের ওপর হামলা করে।

 

একপর্যায়ে ধারালো দায়ের কোপে রিয়াজের মা জেসমিনের মাথায় রক্তাক্ত জখম হয়। এসময় রিয়াজ ও তার দাদিকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে আহত জেসমিনসহ অন্যদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রিয়াজ হোসেন বলেন, আমরা থানায় মামলা নিতে গেলে পুলিশ নেয়নি। কিন্তু থানা পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। হামলায় আহত হয়েছি আমরা, আর মামলা নিলো হামলাকারীদের পক্ষে। এ ঘটনায় আমরা আদালতে মামলা করবো। এখন আমাদের ওপর ফের হামলার ভয় রয়েছে। আমরা এখন বাড়িছাড়া।

 

কৃষকলীগ নেতা মাহবুব হাছান রিপন বলেন, রিয়াজ আমাদের কাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমার ভাই রাজু বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমাদের বিরুদ্ধে রিয়াজদের অভিযোগ সত্য নয়।

 

অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, রিপনের ভাই একটি মামলা দায়ের করেছেন। অপরপক্ষও মামলা করতে এসেছেন। কিন্তু তাদের অভিযোগপত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। এতে তাদেরকে অভিযোগপত্র সংশোধন করে আসতে বলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন