লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে পড়ে আতিফা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে তার মৃতদেহটি পানিতে ভেসে উঠে। এর আগে সকালে পরিবারের অগোচরে সে পানিতে পড়ে যায়। আতিফা লক্ষ্মীপুর পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের ছৈয়াল বাড়ির কাতার প্রবাসী জাবেদ হোসেনের মেয়ে। শিশু আতিফার জেঠা মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানায়, সকালে সকলের অগোচরে আতিফা ঘরের পাশে থাকা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর সকাল পৌণে ১১ টার দিকে তাকে পুকুরের মধ্যে ভাসতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।