লক্ষ্মীপুরে দ্রুতগতির পিকআপ কেড়ে নিলো মাদ্রাসাছাত্রের প্রাণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে রাস্তা পারাপারে সময় দ্রুত গতির পিকআপভ্যান চাপায় সাইমুন হোসেন (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমুন বাসু বাজার দারুস সালাম ইসলামিয়া একাডেমির প্রথম শ্রেণির ছাত্র। সে উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের দিনমজুর শাহাদাত হোসেনের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সাইমুন ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। বাসু বাজার পৌঁছলে রিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির পিকআপটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। চালক পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সাইমুনের ফুফাতো ভাই আরমান হোসেন অন্তর বলেন, পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি। সাইমুন ছোট, পুলিশে অভিযোগ করলে তার ময়নাতদন্ত করা হবে। এজন্য পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, পিকআপচাপায় শিশুটি মারা যাওয়ার ঘটনাটি জেনেছি। পরিবারের কোন অভিযোগ ছিল না। এজন্য ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈই মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাজ্জাদ হোসেন (৭) পিকআপভ্যান চাপায় মারা যায়।
অন্যদিকে ২৩ ফেব্রুয়ারি নোয়াখালী যাওয়ার পথে রামগতি উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন