লক্ষ্মীপুরে দেড় কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৪

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ফেরি থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার জামান বিষটি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৪ আগস্ট) রাতে মজুচৌধুরীর হাট ফেরি ঘাটে ফেরি কৃষাণিতে উঠা চট্টগ্রামগামী শতাব্দী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৯৫) একটি বাস থেকে জালগুলো জব্দ করা হয়৷ এতে ১০ বস্তায় প্রায় সাড়ে চার লাখ মিটার কারেন্ট জাল ছিল। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। কোস্ট গার্ডের লক্ষ্মীপুর দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশানের সদস্যরা ৪ ব্যবসায়ীসহ জালগুলো জব্দ করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে যৌথ অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীসহ জালগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তিরা ভোলা সদরের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। পরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় ও মৎস্য কর্মকর্তা সারোয়ার জামানের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, নদীতে কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ। নদীতে কারেন্ট জাল ব্যবহার রোধে মৎস্য বিভাগ, কোষ্টকার্ড ও নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভোলার ওই ব্যবসায়ীরা বস্তা ভর্তি করে কারেন্ট জাল জেলেদের কাছে বিক্রির উদ্দেশ্যেই এলাকায় নিয়ে যাচ্ছিল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন