লক্ষ্মীপুরে আধুনিক হাসপাতালে সরকারি কর্মচারীর মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৮ ১:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় মোহাম্মদ সেকান্তর নামের এক সরকারি কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে।

শনিবার (১৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হাসপাতালের চিকিৎসক ও সেবক-সেবিকারা পালিয়ে যায়।

নিহত সেকান্তর লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহায়ক ও আবিরনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় বুকে ব্যাথা অনুভব হলে সরকারি কর্মচারী সেকান্তরকে শহরের আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে কোন চিকিৎসক ছিল না। একপর্যায়ে রোগীর অবস্থা দেখে হাসপাতালের স্টাফরা তার হাতে কয়েকটি ইনজেকশান পুশ করেন। মুহুর্তেই চটপট করে মারা যান ওই রোগী। এসময় নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করে। পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, সরকারি কর্মচারী মারা যাওয়ার ঘটনায় আইনের ব্যত্যয় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন