লক্ষ্মীপুরে আ.লীগ নেতার নেতৃত্বে কাউন্সিলরের ওপর হামলা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীর উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় আইয়ুব আলী পোলের গোড়া এবং জেলা পরিষদের সম্মূখ্যে দুই দফা তিনি হামলার শিকার হন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি কাজী জামসেদ আলম মিশন ও স্থানীয় জালাল উদ্দিন রুমিকে দায়ি করা হয়েছে।

হামলায় বিষয়ে কাউন্সিলর মোহাম্মদ আলীর ভাই আহম্মদ আলী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মোহাম্মদ আলী ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিল এবং তিনি ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হোসেন মাসুম ভূঁইয়া উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মেয়র ওইস্থাম ত্যাগ করার পর আওয়ামী লীগ নেতা জামশেদ আলমের নেতৃত্বে কাউন্সিলর মোহাম্মদ আলীর উপর হামলা চালানো হয়।

মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, কাউন্সিলর নির্বাচনে আমার সাথে ওই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী জামসেদ আলম মিশন ও জালাল উদ্দিন রুমি প্রার্থী হয়। পরে তারা আরেক কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন বাবুল (পানিরকল) এর সাথে আঁতাত করে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। নির্বাচনে ওই দুইজন নুরুল আমিনের পক্ষে কাজ করে। কিন্তু ভোটে আমি বিজয়ী হওয়ায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়েও তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিতো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন